বগুড়ায় ছাত্রদলের হামলায় অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে। গতকাল বুধবার বগুড়া শহরের শহিদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন :বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল, কনস্টেবল মামুন ও পারভেজ। এর মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত কনস্টেবল পারভেজকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহিদ খোকন পার্কে সমবেত হয়। পরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী খোকন পার্কে গিয়ে দেখতে পান স্যান্ডেল এবং জুতা পায়ে বেশ কিছু নেতাকর্মী শহিদ মিনারের ওপরে উঠেছেন। এ সময় তিনি তাদেরকে শহিদ মিনার থেকে নেমে দলীয় কার্যালয়ে যেতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, শহিদ মিনারে স্যান্ডেল পায়ে ওঠা দেখে তাদের নামতে বলা হয়। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
