শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উত্সব

হাতে হাতে চকচকে নতুন বই

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০০:০১

গতকাল ঢাকার সাভার, ধামরাই, দোহার-নবাবগঞ্জ উপজেলা, গাজীপুর ও মুন্সীগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ উত্সব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, বুধবার সকালে জেলা শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, ঐ স্কুলের প্রধান শিক্ষক বদরন নেছা প্রমুখ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার গাজীপুরের পাঁচটি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩ হাজার ৫৮৬টি বিদ্যালয়ে ৫ লাখ ৭৯ হাজার ১৫৫ জন শিক্ষার্থীদের মধ্যে ২৭ লাখ ৩৮ হাজার ৯৫৮টি নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক স্তরে ৯৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লাখ ২৯ হাজার ৮০১ জন শিক্ষার্থীদের মধ্যে ৭৯ লাখ ৬১ হাজার ১৪৬টি নতুন বই বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বছরের প্রথম দিনে জেলার মাধ্যমিক পর্যায়ের সদর উপজেলার বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিকপর্যায়ে আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উত্সবের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।  জেলার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৩০ লাখ নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠান দুটিতে আরো অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুত্ফর রহমান, এডিসি সামিউল মাসুদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাদিক তানভীর, সদরের  ইউএনও ফারুক আহমেদ, জেলা শিক্ষা অফসার ফারুক ইউনুস, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও বজ যোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার মানিকগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি গার্লস স্কুল এবং ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাভার থেকে তুহিন খান জানান, গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে পাঠ্যপুস্তক উত্সব ২০২০ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে পাঠ্যপুস্তক উত্সবের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র জিপিএ ৫ এর পেছনে না ঘুরে পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে মনোযোগী হতে হবে। এজন্য মানবিকতা, শ্রদ্ধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সহমর্মিতা ও দেশপ্রেমকে সবার আত্মস্থ করতে হবে। তাহলে বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন সেই সোনার মানুষ তৈরি করতে পারব এবং তাদের হাতেই তৈরি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতা থেকে দূরে থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘জীবনে মানুষ হতে হলে অঙ্গীকার থাকতে হবে। জিপিএ ফাইভের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং বইয়ের কনসেপট বুঝে পড়তে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পরে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়—সেটি দেখা হবে। শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না। 

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দুর্যোগ  ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, বছরের প্রথম দিনে ধামরাই উপজেলায় প্রায় এক লাখ শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে সরকারি পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ হার্ডিঞ্জ হাইস্কুল, কুশুরা আব্বাস আলী হাইস্কুল, কালামপুর আমাতন নেসা হাইস্কুল, প্রত্যাশা হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন, কাউন্সিলর সাহেব আলী প্রমুখ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, উত্সবমুখর পরিবেশে গতকাল নবাবগঞ্জ উপজেলার জালালপুর উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড হাসপাতালের) সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আহমেদ, সহকারি অফিসার তাসলিমা খান, প্রধান শিক্ষক নাসিমা আখতার সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। অন্যদিকে দোহার উপজেলায় সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। দুই উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যের বই বিতরণ উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ জানুয়ারি উপজেলার মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, প্রধান শিক্ষক শাহনাজ পারভীন প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বুধবার সকালে উপজেলা ভট্টপুর স্কুল মাঠে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উত্সব উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিনা আক্তার প্রমুখ। এবারে সোনারগাঁওয়ে ১১৩ সরকারি ও ১০২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ ২৭ হাজার ৪৫৯টি নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিকে সরকারি বেসরকারি মিলিয়ে ৩০টি বিদ্যালয় ও ১০টি মাদ্রাসায় ৫ লাখ ৭০ হাজার বই বিতরণ করা হয়।

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, গতকাল সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ও দুপুরে বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই উত্সবে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোসা ইসমত আরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার ৭২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়, ৬৭টি মাদ্রাসা ও ৯৬টি কিন্ডারগার্টেন স্কুলে উত্সবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়।