তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাউল গান ও লোকসংগীত জীবনের কথা বলে, আত্মার কথা বলে এবং মানুষের মনকে আত্মশুদ্ধি করে। আবহমান গ্রামবাংলার সংস্কৃতিই হচ্ছে বাউল গান, যা হাজার বছরেরও বেশি পুরোনো গান। আকাশ সংস্কৃতির মধ্যে এখনো টিকে আছে, টিকে থাকবে এই গান। যেমন টিকে আছে রবীন্দ্র সংগীত।’
বুধবার সন্ধ্যায় জনপ্রিয় লোকসংগীত শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ভাকুম গ্রামে তিন দিনব্যাপী মধুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এমপি মমতাজ বেগম তার প্রয়াত পিতা আধ্যাত্মিক বাউল শিল্পী মধু বয়াতির স্মরণে প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকেন।
সিংগাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদের সঞ্চালনায় মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জের ডিডিএলজি (উপসচিব) ফোজিয়া খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মহিউদ্দিন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ, এসিল্যান্ড হামিদুর রহমান প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
