গতকাল বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পূর্ব সিংহড়া গ্রামের বাসিন্দা মাহবুব ভুঁইয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহবুব ভুঁইয়া ঐ গ্রামের মৃত হিরন ভুঁইয়ার ছেলে। স্থানীয় পাতিলঝাপ বাজারে তার একটি ফ্রিজ মেরামতের দোকান রয়েছে।
নিহতের স্ত্রী নুরুন নাহার লাকির বরাত দিয়ে ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, মাহবুব তার স্ত্রীকে নিয়ে এক রুমে থাকতেন। পাশের রুমে থাকতেন তাদের দুই মেয়ে। মঙ্গলবার রাতে নুরুন নাহার তার মেয়েদের রুমে যান। রাত দুইটার দিকে নিজের রুমে ফিরে এসে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় খাটে মৃত অবস্থায় পড়ে আছেন ও ঘরের প্রধান দরজা খোলা। তবে তিনি বিষয়টি তাত্ক্ষণিকভাবে কাউকে জানাননি। সকালে ঘটনা জানাজানি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মাহবুবের লাশ উদ্ধার করে থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
ওসি মোজাম্মেল জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, ঘটনাটি রহস্যজনক। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী একেক সময় একেক কথা বলছে। এ মুহূর্তে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।
