মানিকগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষবরণ উপলক্ষ্যে ১০ দিনব্যাপী মুজিব মেলার আনুষ্ঠনিক উদ্বোধন হয়েছে। বুধবার বিকালে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
মেলায় জেলার সরকারি সব প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনের নিজস্ব স্টল রয়েছে। এতে তারা তাদের প্রত্যক্ষ সেবা মানুষের কাছে তুলে ধরবে যাতে করে খুব সহজেই মানুষকে দাপ্তরিক সেবা সম্বন্ধে সঠিক ধারণা দেওয়া যায়। মেলার প্রতিটি স্টলই সেজেছে ভিন্ন ভিন্ন সাজে। মেলা চলাকালীন প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।
