আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃিক ভিটা সংরক্ষণের পাশাপাশি সেখানে চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি চলচ্চিত্র সংসদ ও ম্যাজিক লণ্ঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুলের সঞ্চালনায় মানববন্ধনে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সভাপতি ডা. এফ এম এ জাহিদ, নাট্যব্যক্তিত্ব ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক রহমান রাজু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক অমিরুল ইসলাম, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি সুলতানুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবির সাধারণ সম্পাদক রনজু হাসান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবির সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
ডা. এফ এম এ জাহিদ বলেন, আমাদের শিক্ষিত হয়ে কি লাভ, যদি আমরা ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা রক্ষা না করতে পারি। আমরা চাই কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটায় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠা হোক। এটা আমাদের আজকের আন্দোলন নয়, আমরা প্রায় ১২ বছর থেকে এই আন্দোলন করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব।
