রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা চলছিল।
জানা গেছে, সকাল ১০টা থেকে ওই মিলনায়তনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শুরু হয়। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন অভিযোগ করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সভাপতিসহ দুই জনকে আটক করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘ছাত্রদলের প্রোগ্রাম চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।’
এর আগে বিদায়ী বছরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কোনো সভা বা অনুষ্ঠানের আয়োজন করা হলেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।
