নতুন বছরের শুরুতেই নতুন করে হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ যাত্রায় তিনি পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ফের পরীক্ষা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করে নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে কিমের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিম তার প্রতিশ্রুতি ভুলবেন না বলেই তিনি বিশ্বাস করেন।
কিম জং উন বলেন, তার দেশ খুব শিগগিরই নতুন কৌশলগত অস্ত্র তৈরি করবে। একই সঙ্গে তিনি বলেন, আলোচনার দরজা খোলা রাখা হবে। তবে এটা যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করবে। কিম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বস্ততা স্থাপনের একটি অংশ ছিল ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকা। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পাশাপাশি পিয়ংইয়ংয়ের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, এ অবস্থায় কোনো কারণ নেই এ বাধ্যবাধকতা মেনে চলার। যেখানে অপরপক্ষ কেবল নিজেদের রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এ নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আলোচনার নামে যুক্তরাষ্ট্র কেবল সময়ের অপচয় করে চলেছে। গতকাল ওয়ার্কার্স পার্টির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন: ২০১৯ সালে পাঁচ দিনে এক দিন গলফ খেলে কাটিয়েছেন ট্রাম্প
এদিকে কিম জং উনের বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে একটি চুক্তিও করেছেন কিম। ফ্লোরিডায় নতুন বছরের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কিম তার প্রতিশ্রুতি ভুলবে না বলেই মনে করেন তিনি। এর আগে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, উত্তর কোরিয়া শান্তির পথ বেছে নেবে বলে আশা করেন তিনি। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমআর
