ঢাকাই চলচ্চিত্রে সিয়াম আহমেদের দু-বছর এখনও পূর্ণ হয়নি। এরইমধ্যে সবার নজর কেড়েছেন তিনি। প্রথম বছরে দুটি, পরের বছরে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ২০২০ সালে এই অভিনেতার হাফ ডজন চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিগুলো ‘শান’, ‘বিশ্বসুন্দরী’, ‘ইত্তেফাক’, ‘অপারেশন সুন্দরবন’, ‘পাপ পুণ্য’ ও ‘স্বপ্নবাজি’।
নতুন বছর ও কাজ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমার সংখ্যা প্রতিবছর কমছে। এটা ভালো খবর নয়। সে কারণে সিদ্ধান্ত নিয়েছি ভালো গল্পের সিনেমা এলে এবং দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে আমি সিনেমার কাজ আরো বাড়াবো। এ বছর মুক্তি পাওয়ার মতো ৬টি সিনেমা রয়েছে।’
এদিকে সিয়ামের বছরের প্রথমদিন কেটেছে ঢাকায়। তিনি ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং শেষ করে পরিবারের সঙ্গে সময় পার করেছেন। এই অভিনেতা জানান, ‘স্বপ্নবাজি’ ও ‘ইত্তেফাক’-এর বাকি শুটিং শিগগিরই শুরু হবে।
