মনের মতো শুরু!

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২০:১৩

আলিয়া ভাট কবে বিয়ের পিঁড়িতে বসবেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। রণবীরের সঙ্গে তার সম্পর্ক প্রায়ই খবরের শিরোনাম হয়। কিন্তু তারা দু’জন দিন কাটাচ্ছে একেবারে নিজেদের মতো করে। যেমন বছরের শুরুটা আলিয়া ভাট যেমনটা চেয়েছিলেন সেভাবেই কাটছে। হবু বর রণবীর কাপুরকে নিয়ে নতুন বছরে নিউইয়র্কে ঘোরার ইচ্ছে ছিল তার। সেটা যে একেবারে মনের মতো হয়েছে, তা তার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়।

ব্রহ্মাস্ত্রের শুটিং থেকে সময় বের করে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানকার বেশ কয়েকটি ছবি শেয়ার করেন দু’জন। যেখানে কোথাও রৌদ্রস্নান করতে দেখা যায় তাকে, আবার কখনো রণবীর কাপুরের সঙ্গে সৈকতে সময় কাটাতে দেখা যায় মহেশ ভাটের মেয়েকে। রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে একটি ছবিতে দেখা যায় পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও। তবে ভক্তদের প্রশ্ন, ব্রহ্মাস্ত্রের শুটিং কী তাহলে শেষ?

এদিকে এরপর করণ জহরের তখত এবং সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি-তে দেখা যাবে আলিয়া ভাটকে। তখত-এ কারিনা কাপুর খান ও রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া। অন্যদিকে বানসালির গঙ্গুবাঈ কাঠিওয়াড়িতে আলিয়ার সঙ্গে কে থাকবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

 শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি কাশ্মিরে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আবার অনেকে এটাও বলছেন, নতুন বছরে হয়তো নিউইয়র্ক থেকে নতুন কোনো খবর দেবে দুই বলিউড তারকা। তবে সেই সম্ভাবনা একেবারেই কম। কারণ পুরো বিয়েটা পারিবারিকভাবে আয়োজিত হওয়ার সম্ভাবনা বেশি।