সাফল্য আর ইনজুরি হাত ধরাধরি করে চলছে জোফরা আর্চারের।
অনেক উন্মাদনা তৈরি করে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে এই ক্যারিবীয় তারকার। প্রথমে বিশ্বকাপ জয়, এরপর অ্যাশেজ ড্র; দুটোতেই বড়ো ভূমিকা রেখেছেন বল হাতে। এই সঙ্গে মাঝে মাঝেই ভুগতে হয়েছে তাকে ইনজুরিতে। মিস করেছিলেন অ্যাশেজের একটি টেস্টও। এবার কনুইয়ের ব্যথায় সম্ভবত মিস করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্ট। আজ থেকে শুরু হতে যাচ্ছে এই টেস্ট।
প্রথম টেস্টে ছয় উইকেট নিয়েছিলেন আর্চার। এরপর ১ জানুয়ারি দলের অনুশীলনে মাত্র ছয়টি বল করার পর আর ট্রেনিং করতে পারেননি তিনি। এতে সন্দেহ তৈরি হয়েছে যে, তিনি হয়তো কেপ টাউট টেস্টের আগে আর সুস্থ হয়ে উঠতে পারছে না। কেপ টাউনের উইকেট সেঞ্চুরীয়নের তুলনায় অনেক শুষ্ক মনে হয়েছে। সেই সঙ্গে উইকেটে তেমন কোনো ঘাস নেই। ফলে ইংল্যান্ড হয়তো আর্চারের জায়গায় বাড়তি পেসার না নিয়ে একজন বাড়তি স্পিনার নিয়ে নামবে আজ। সমারসেটের অফস্পিনার ডম বেস এ ক্ষেত্রে এগিয়ে আছেন। জ্যাক লিচও গতকাল অনুশীল করেছেন। কিন্তু তিনিও খুব একটা সুস্থ নন। ম্যাট প্যাটিসনের চেয়ে বেসকেই এগিয়ে রাখছেন নির্বাচকরা। আর বাড়তি স্পিনার খেলাতে গেলে একজন পেসারকে বসাতেই হতো। আর্চার ইনজুরিতে পড়ায় ম্যানেজমেন্টকে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না। তবে যদি আর্চার সুস্থ হয়ে ওঠেন তাহলে জেমস অ্যান্ডারসন বা স্টুয়ার্ট ব্রড; যে কোনো একজনকে বসে যেতে হতে পারে।
