পুলিশের চেয়েও মাঠ নিয়ে চিন্তা বসুন্ধরা কিংসের

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:১৫

ফেডারেশন কাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং পুলিশ দল। বসুন্ধরা ১৩ দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বড়ো বাজেটের দল। সে তুলনায় পুলিশ কিছুটা পিছিয়ে। তারপরও বসুন্ধরা কিংসের চোখে পুলিশ যেন অন্য উচ্চতার একটি দল।

বসুন্ধরা কিংসকে পাওয়ার হাউজ বলায় দলের কোচ অস্কার ব্রুজন পালটা জানতে চাইলেন এখানে কে পাওয়ার হাউজ নয়?  স্প্যানিশ এই কোচ বলেন, ‘আবাহনী পাওয়ার হাউজ, শেখ জামাল, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব, সবাই পাওয়ার হাউজ হয়েও বাদ পড়েছে। এতো অঘটনের মধ্যে আমি নিজেকে পাওয়ার হাউজ বলি বা কীভাবে।’

পুলিশের চেয়েও বসুন্ধরা কিংস কোচের দুশ্চিন্তা বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে। ব্রুজন শুধু নিজের দলের খেলোয়াড়দের নিয়েই নয়, তিনি ভাবছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের নিয়েও। কারণ এমন মাঠে ভালো খেলা কোনোভাবেই সম্ভব নয়। ভালো খেলার মতো মাঠ এটি না। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এ মাঠে পারফরম্যান্স করলে খারাপই হবে বেশি। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে যাবেন।’

মাঠ নিয়ে সোচ্চার অস্কার ব্রুজনের ভাবনা তাই নিজেদের ভালো খেলাটা খেলতে পারবেন কিনা তা নিয়ে। কারণ বসুন্ধরা নিজেদের ভালো মাঠে অনুশীলন করে এসে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে নাকি মানিয়ে নিতে পারছেন না। পুলিশ দল অবশ্য এসব নিয়ে ভাবছে না। কোচ নিকোলা ভিটোরোভি জানিয়ে গেছেন, তারা খেলার ধারাবাহিকতা রাখতে চায়।