ইংলিশ ফুটবলের অন্যতম পুরনো দ্বৈরথে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে নতুন বছরের শুরুটা দারুণভাবেই করল আর্সেনাল। নতুন কোচ মিকেল আর্তেতার অধীনে প্রথম জয়টা তাই গানারদের কাছে হয়ে রইল বিশেষ কিছুই। সাবেক সহকারীর সফলতার দিনে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। এভারটনকে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে সিটি।
আর্সেনালের এই জয়ের পর ডিফেন্ডার ডেভিড লুইজ তো জানিয়েই দিলেন সাবেক ম্যানচেস্টার সিটি সহকারী কোচের অধীনে বড়ো কিছুরই আশা করছে খেলোয়াড়রা।
এমিরেটস স্টেডিয়ামে গত বুধবার রাতের ম্যাচটিতে অবশ্য ইউনাইটেড পাল্লা দিয়েই লড়েছে স্বাগতিকদের বিপক্ষে। বল দখলের দিক থেকে কিছুটা এগিয়েই ছিল দলটি। তবে লক্ষ্যে শট নেওয়ার দিক থেকে দুই দলই ছিল সমতায়। ১০টি শট নিয়ে চারটিকে লক্ষ্যে রাখতে পেরেছিল আর্সেনাল আর ইউনাইটেড। তারপরও গানারদের মুখে শেষ হাসি নিকোলাস পেপে আর সক্রেটিস পাপাস্টাঠোপোলুসের নিখুঁত ফিনিশিংয়ের জোরে। ম্যাচে অস্টম আর ৪২ মিনিটে দুই জনের করা গোলটিই শেষমেশ জয়ে ফেরায় লন্ডনের দলটিকে।
শেষ ১৫ ম্যাচে মোটে একটি জয়। ছয়টি ‘হোম’ ম্যাচ আর্সেনাল শেষ করেছে জয় ছাড়াই। চলতি মৌসুমে শীর্ষ ছয় দলের বিপক্ষে জয় ছিল না একটি ম্যাচেও। এমন অবস্থায় ইউনাইটেডের বিপক্ষে জয়টা আর্সেনালের জন্যে একরাশ স্বস্তি নিয়েই এলো।
লুইজ এদিন ম্যাচের পর প্রতিক্রিয়ায় জানান, ‘আমার বিশ্বাস আর্তেতা প্রত্যেকটা খেলোয়াড়কে উন্নতিতে সাহায্য করতে পারেন। মিকেল একজন দারুণ কোচ এবং ফুটবল জানেন। তিনি অসাধারণ এক খেলোয়াড় ছিলেন এবং অনেক কিছু নিয়ে এখানে এসেছেন। আমি তার দর্শনে ভরসা রাখি।’
সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে শিরোপার লড়াইয়ে দারুণভাবেই থাকত আর্সেনাল। নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগও খেলত। কিন্তু বাজে পারফরমেন্সের ফল হিসেবে শেষ দুই বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে নেই দলটি। তারপরও আশাবাদী লুইজ বলেন, ‘ভবিষ্যতে আমরা বড়ো কিছু করব। তবে সেটা করতে হলে আগে আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’
নতুন বছরের শুরুটা জয় দিয়ে করেছে ম্যানচেস্টার সিটিও। গত বুধবার রাতে নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে শুরু থেকে আধিপত্য ধরে রেখেও প্রথমার্ধ্বে গোল পায়নি শিরোপাধারী দলটি। এরপর ৫১ মিনিটে ইলকায় গুন্দোয়ানের যোগান থেকে গোল করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসাস।
এর মিনিট সাতেক পর সিটির ব্যবধান বাড়ান ব্রাজিলীয় স্ট্রাইকার। এবার যোগান আসে রিয়াদ মাহরেজের পা থেকে। ৭১ মিনিটে আরেক ব্রাজিলীয় রিশার্লিসনের গোলে এভারটন ব্যবধান কমালেও সমতাসূচক গোলের দেখা আর পায়নি দলটি। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমায় কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
তবে টটেনহ্যামের বছরের শুরুটা মোটেও ভালো হয়নি। সাউদাম্পটনের মাঠে ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ড্যানি ইংসের গোলটির জবাব দিতে পুরোটা সময় চেষ্টা করে লাভ হয়নি দলটির। কোচ হোসে মরিনহো প্রতিপক্ষ ডাগআউটে কোচের কৌশলে নজরদারি করতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন। আর চলতি মৌসুমে দলে আসা ট্যাংগুয়ে এন্ডম্বেলে চোট নিয়ে অন্তত এক মাসের জন্যে ছিটকে গেছেন দল থেকে।
