পাকিস্তান যাচ্ছেন না ভেট্টোরি

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:১৬

শুরুতে শোনা গিয়েছিল, জাতীয় দলের কোনো বিদেশি কোচই দলের সঙ্গে পাকিস্তান সফরে যেতে রাজি নন। কিন্তু এর মধ্যেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, দল গেলে তার পাকিস্তান সফর করতে আপত্তি নেই। এবার জানা গেল, পাকিস্তান সফরে যাবেন না দলের উপদেষ্টা স্পিন বিশেষজ্ঞ ড্যানিয়েল ভেট্টোরি। তার অবশ্য নিজের যাওয়ার আপত্তির কথা শোনা যায়নি। জানা গেল যে, জাতীয় দলের ক্যাম্প হচ্ছে না বলে এই সময় তাকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি)।

ভেট্টোরিকে দিনপ্রতি বিপুল অর্থের বিনিময়ে জাতীয় দলের স্পিন বোলিং উপদেষ্টা করা হয়েছে। তিনি জাতীয় দলের ভারত সফরের আগে যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। এবার যেহেতু পাকিস্তান সফরের আগে কোনো ক্যাম্প হচ্ছে না, তাই তাকে আনাটা খুব লাভজনক মনে করছে না বিসিবি।

সফর চলাকালীন বোলারদের নিয়ে কাজ করা কঠিন। আর তার আগে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল শেষ করেই ক্রিকেটারদের চড়তে হবে পাকিস্তানের বিমানে। ফলে এই সময়ে এলেও সাবেক নিউজিল্যান্ডের গ্রেট ভেট্টোরি বোলারদের নিয়ে সেভাবে কাজ করতে পারতেন না।