ডেসকোর প্রি-পেইড মিটার

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:৪৩

ডেসকোর প্রতিটি প্রি-পেইড মিটারে গ্রাহকদের কাছ থেকে ২১ টাকা ৯০ পয়সা বেশি আদায় করা হচ্ছে।  প্রথমত, মিটার রেন্ট ২০ টাকার স্থলে ৪০ টাকা। প্রি-পেইড মিটারে বিল আদায়ে ডেসকো লাভবান হচ্ছে,  গ্রাহকেরা নয়। সুতরাং গ্রাহকেরা কেন বাড়তি  পয়সা দেবে? মূল্য অগ্রিম পরিশোধ করায় তারা রেয়াত পাওয়ার পরিবর্তে দ্বিগুণ মিটার ভাড়া দেবে কোন যুক্তিতে? তাছাড়া মিটার ভাড়া সবার জন্য এক হওয়ায় প্রান্তিক গ্রাহককেও ৪০ টাকা পরিশোধ করতে হয়।  দ্বিতীয়ত, ডেস্কোর পোস্ট-পেইড বিলে এনার্জি ও ডিমান্ড চার্জের ওপর ৫ শতাংশ ভ্যাট আদায় করা হচ্ছে। পক্ষান্তরে প্রি-পেইড বিলে মিটার ভাড়াসহ মোট টাকার ওপর ভ্যাট আদায় করায় ১ টাকা ৯০ পয়সা বেশি আদায় করা হচ্ছে। এভাবে প্রতিটি বিলে আগের চেয়ে ২১ টাকা ৯০ পয়সা বেশি আদায় করা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এ-সম্পর্কিত আদায় করা অর্থ ফেরত দেওয়া উচিত। এছাড়া ডিমান্ড চার্জ নামে প্রতিটি বিলে পাইকারি হারে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এই ডিমান্ড কার এবং কিসের? এটা কত কাল চলবে? বিষয়টির প্রতি ডেসকো, এনার্জি রেগুলেটরি কমিশন, বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়, ক্যাব এবং  জাতীয় রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।

ওয়াহিদুল ইসলাম আখন্দ

৫৭০/১-বি, সেনপাড়া-পর্বতা, ঢাকা ১২১৬