গত বুধবার শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতকাল ছিল মেলার দ্বিতীয় দিন। তবে এখনও অধিকাংশ স্টল ও প্যাভেলিয়ন অসমাপ্ত। চলছে শেষবারের মতো সাজানো-গোছানোর কাজ। এরই মধ্যে সাড়া পড়ে গেছে বিশেষ করে তরুণ-তরুণীদের মাঝে। যতটা না কেনা-কাটার আগ্রহ, তার চেয়ে ঢের বেশি ঝোঁক বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলায় জমিয়ে আড্ডা। ফাঁকে পছন্দের খাবারে রসনা নিবৃত্তি। গতকাল তেমনি তরুণ-তরুণীদের আসতে দেখা গেছে মেলার উদ্দেশ্যে। এ যেন রথ দেখা আর কলা বেচার এক অনন্য সুযোগ।
