বরিশালে টিসিবির পচা পেঁয়াজ নিয়ে বিপাকে ডিলাররা

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২১:৫৮

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বরিশাল অফিস থেকে নেওয়া পচা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা। দফায় দফায় পেঁয়াজের দাম বৃদ্ধির পর গত বছরের ২০ নভেম্বর থেকে বরিশালে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। এরপর দুই চালানে মোট ৬০০ টন পেঁয়াজ বিক্রি হয়। টিসিবিতে পেঁয়াজ আসার পর প্রথমে ১ হাজার কেজি করে ডিলার প্রতি ও পরবর্তীতে ৩ হাজার কেজি করে ডিলার প্রতি দেওয়া হচ্ছে। প্রথমে সাধারণ মানুষ প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিনতে পেরেছিল। এরপর ৪০ টাকা ও বর্তমানে ৩৫ টাকা কেজিতে বিক্রি হলেও আগের মতো ভিড় নেই। কারণ পেঁয়াজ পচা। অধিকাংশ পেঁয়াজই পচা হওয়ায় তা নিয়ে বিপাকে পড়েন ডিলাররা। নিয়মিত পেঁয়াজ উত্তোলনকারী ডিলার মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিন জানান, পচা পেঁয়াজ বিক্রি করতে গিয়ে ক্রেতা কর্তৃক হেনস্তার শিকার হতে হচ্ছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার পচা পেঁয়াজ বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে ফেলে দিতে হয়েছে। এতে তাদের বিপুল টাকা লোকসান গুনতে হলেও টিসিবি কোনো দায়দায়িত্ব নিচ্ছে না। পাঁচ/ছয় জন ডিলার জানান, যথাযথভাবে সংরক্ষণ না করায় গুদামেই নষ্ট হচ্ছে পেঁয়াজ। ঐ পচা পেঁয়াজ তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে। বিক্রির সময় বস্তার পচা পেঁয়াজের সঙ্গে ভালো পেঁয়াজও নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল ত্রিশ গোডাউন এলাকার পরিত্যক্ত স্থানে পচা পেঁয়াজ ফেলে দেওয়া কয়েকজন ডিলার।

ডিলারের কর্মচারীরা জানান, ক্রেতা কম থাকায় অলস সময় পার করছেন তারা। ক্রেতারা জানান, তারা একবার এ নষ্ট পেঁয়াজ নিয়ে ফেলে দিয়েছেন তাই পুনরায় পচা পেঁয়াজ কিনতে নারাজ। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।