গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে বেঁধে রেখে রাজমিস্ত্রি উত্তম চন্দ্র দেবনাথকে (২৮) গলা কেটে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, স্কুলশিক্ষক কবির হোসেন সরকার, সমাজকর্মী সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, উত্তম চন্দ্র দেবনাথের হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ এখনো ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। অবিলম্বে উত্তম চন্দ্রের হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গত মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত উত্তম চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। পরে তারা ঘরে ঢুকে তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে এবং তার সামনেই স্বামীকে জবাই করে হত্যা করে।
