কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ওকড়াকান্দা খালের ওপরে সেতু না থাকায় দুর্ভোগে পড়েছে ১৫ গ্রামের মানুষ। এলাকাবাসীর উদ্যোগে নির্মিত একমাত্র বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করে প্রায় ৪০ হাজার মানুষ। বৃহস্পতিবার সকালে সরেজমিনে ওকড়াকান্দা গ্রামে গিয়ে জানা যায়, ওকড়াকান্দা, চত্লাকান্দা, বোয়ালমারী, শৌলমারী, গয়টাপাড়া, চরের গ্রাম, ডাংগুপাড়াসহ ১৫টি গ্রামের ভরসা সাঁকোটি। ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে টেকনিক্যাল কলেজ, দুটি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। ওকড়াকান্দা গ্রামের আব্দুর ছালাম, আশরাফ আলীসহ একাধিক ভুক্তভোগী জানান, এখানে একটি সেতু ছিল। সাম্প্রতিক বন্যায় প্রচণ্ড স্রোতে ভেঙে যায়। এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকোটি তৈরি করা হয়।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু হাফিজ, সিমা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী সেলিনা খাতুন, তাজনাহার ও আয়শা সিদ্দিকা, ফারুক আহমেদ বলেন, আমরা এই বাঁশের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করি। সরকারে কাছে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানাচ্ছি।
রৌমারী উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, এবারের বন্যায় ব্রিজটি ভেঙে গেছে। বন্যার ক্ষয়ক্ষতির তালিকায় ঐ ব্রিজটির নাম পাঠানো হয়েছে।
