বিভিন্ন স্থানে সমাজসেবা দিবস পালিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:০৭

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল : নগরীর সার্কিট হাউজ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। শেষে নগরীর আমতলা মোড়ে সরকারি শিশু পরিবারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শাহপার পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার প্রমুখ।

ভোলা : জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের আয়োজনে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আদিল মোত্তাকিম সভাপতিত্ব করেন।

গোপালগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী কবুতর উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

কিশোরগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। পরে সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।

মাদারীপুর : মাদারীপুরে র্যালি শেষে স্থানীয় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা বিভাগ মাদারীপুরের উপপরিচালক তাপস ফলিয়া।

নেত্রকোনা: সমাজসেবা অধিদপ্তর ও নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।

মাগুরা : কালেকটরেট প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এছাড়া সুনামগঞ্জ, জয়পুরহাট,  সাতক্ষীরা, বরিশালের আগৈলঝাড়া, ঝালকাঠীর কাঠালিয়া, রাজশাহীর পুঠিয়া ও চারঘাট, কুড়িগ্রামের উলিপুর, বগুড়ার শেরপুর, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, নওগাঁর বদলগাছী, ময়মনসিংহের ত্রিশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও জামালপুরের মেলান্দহ উপজেলায়ও দিবসটি পালিত হয়েছে।