বিভিন্ন স্থানে মাদকবিরোধী প্রচারণা সপ্তাহের উদ্বোধন

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:০৯

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে বৃহস্পতিবার সারাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

পিরোজপুর : পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদকবিরোধী প্রচারণা সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজি সালেহ মুস্তানজির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। শহরের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর অধিদপ্তরের জেলা কার্যালয় কলেজ শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, পরিদর্শক আহসান হাবিব প্রমুখ।

মাদারীপুর : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপির নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। পরে স্থানীয় স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। পরে শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ডিসির সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

পাবনা : শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের রশিদ হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক  পারভীন আক্তারসহ অনেকে।

সাতক্ষীরা : সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ হাসেম আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

নাটোর : কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে মাদকবিরোধী প্রচারণা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সরকারি গণগ্রন্থাগারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে এক সেমিনারে কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, খায়রুন নাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, মো. খলিলুর রহমান, প্রভাষক এনায়েত হোসেন খোকন, মো. নুরুল হক, মো. ওসমান গনি, মুরাদ হোসেন, আতিকুর রহমান জোমাদ্দার, শিক্ষার্থী দ্বিপান্বিতা ঘোষ প্রমুখ।

ময়মনসিংহ: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে শহরের তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

গোপালগঞ্জ: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জয়পুরহাট: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শহিদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. সামছুল আলম দুদু এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়া কুড়িগ্রাম, ভোলা, মাগুরা, নীলফামারী, বাগেরহাট, গাইবান্ধা, লক্ষ্মীপুরের রামগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, পিরোজপুরের কাউখালী, ময়মনসিংহের ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ, পিরোজপুরের স্বরূপকাঠি, কুড়িগ্রামের উলিপুর, রাজশাহীর বাঘা ও চারঘাট, জয়পুরহাটের কালাই, ভোলার মনপুরা, নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জগন্নাথপুর, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জের কোটালীপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবাসহ সারাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।