বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের স্বার্থে বাকেরগঞ্জ সরকারি কলেজ, মুজাহিদিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা, শাপলা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বাকেরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি শেখ মাহিদুল ইসলাম মিরাজ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা।
বরিশাল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো.মাসুদ খান জানান, আমরা মহাসড়কে নতুন করে স্পিড ব্রেকার বা গতিরোধক তৈরি করছি না। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে ‘রোড হাম’ স্থাপন করব, যা স্পিড ব্রেকারের চেয়েও ফলপ্রসূ। বাকেরগঞ্জ সরকারি কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শিগগিরই সেখানে রোড হাম তৈরি করা হবে।
