কিশোরগঞ্জে এলজিইডির সড়কের প্রকৃত সীমানা নিয়ে পালটাপালটি মামলা দায়েরের কারণে গত তিন বছর থেকে ১০০ মিটার সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। বক্সকাটিং করার পর সড়কটি ঐ অবস্থায় ফেলে রাখায় যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারীরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বেলতলি হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের পুরো কাজ শেষ হয়েছে। কিন্তু মাঝখানে মুক্তিযোদ্ধা আমিনুরের বাড়ির সামনে থেকে ফজলে মিয়ার বাড়ি পর্যন্ত ১০০ মিটার সড়কটির বক্সকাটিং করা হলেও বাকি কাজ সম্পন্ন করা হয়নি। ফলে ঐ ১০০ মিটার সড়ক এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ঐ এলাকার বাসিন্দা আবুজার রহমান, দুলাল হোসেন, ছকমল মিয়া, এমদাদুল আলীসহ অনেকে অভিযোগ করেন, নিতাই কাছারীপাড়া গ্রামের মটরু মিয়ার ছেলে ফজলু মিয়া সরকারি রাস্তার মালিকানা দাবি করলে ঠিকাদার ঐ ১০০ মিটারের কাজ বন্ধ করে দেন।
নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক জানান, সড়কের ঐ ১০০ মিটার অংশ নিয়ে আদালতে মামলা থাকায় ঠিকাদার সেটি বাদ দিয়ে বাকি কাজ সম্পন্ন করেছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মফিজুল হক বলেন, নিতাই বেলতলি থেকে নিতাই ইউপি পর্যন্ত সড়কটি নির্মাণ করার জন্য ঠিকাদার পুরো সড়ক বক্সকাটিং করেছিল। কিন্তু ঐ এলাকার মটরু মামুদের ছেলে ফজলে মিয়া সরকারি রাস্তার মালিকানা দাবি করে আদালতে মামলা করায় ঐ ১০০ মিটারের কাজ বাকি রেখে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোজাফর হোসেন বলেন, আদালতে মামলা থাকায় ঐ ১০০ মিটার সড়কের কাজ বন্ধ রেখে বাকিটা শেষ করা হয়েছে।
