কালিয়ায় পৃথক ঘটনায় নিহত ২

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:১৮

ছাত্রখালি খালে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আসলাম গাজী (৪৪) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বুধবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বলেন, চিকিত্সাধীন অবস্থায় আসলাম গাজীর মৃত্যু হয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে চাচিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় উপজেলার নড়াগাতি বাজারে জহিরুল মোল্যা (২৪) নামের যুবককে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টুটুল লস্কর ও রনি লস্কর নামের দুই জনকে আটক করা হয়েছে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ দাফনের পর মামলা হবে।