পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকগণ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে চিকিত্সার নামে কমিশন বাণিজ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া প্রতিদিন হাসপাতালে কর্মদিবসের শুরুতে কোনো চিকিত্সক আর্থিক সুবিধার জন্য কোনো প্রাইভেট রোগী দেখবেন না বলেও ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করে চিকিত্সাসেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। এসময় হাসপাতালে কর্মরত চিকিত্সক, কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, ডা. ফেরদৌস ইসলাম, ডা. সোনিয়া আক্তার, ডা. প্রিয়াংকা হালদার, ডা. আশীষ কুমার দেবনাথ ও ডা. রাকিবুর রহমান প্রমুখ।
সভায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিত্সাসেবার মান উন্নয়ন ও রোগীদের হয়রানি বন্ধে অফিস সময়ের পূর্বে চিকিত্সার নামে অর্থবাণিজ্য না করাসহ হাসপাতালের সার্বক্ষণিক নিরাপত্তা বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসান জানান, জনস্বার্থে চিকিত্সাসেবার মান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি এতে সরকারি হাসপাতালে জনসাধারণ মানসম্মত চিকিত্সাসেবা সহজেই পাবেন।
