গাইবান্ধায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের পাড়েরভিটা এলাকায় বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে হাজরা আক্তার ওরফে হাসি (৫) ও মিষ্টি আক্তার (৪) নামে দুই শিশু মারা গেছে। তারা মামাতো ও ফুপাতো বোন। হাজরা আক্তার ওরফে হাসি দক্ষিণ সাহাবাজ গ্রামের হযরত আলীর মেয়ে ও মিষ্টি আক্তার একই গ্রামের বিফল মিয়ার মেয়ে।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবার রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসি ও মিষ্টি তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। পরে দুপুরে ঐ পুকুরে এলাকার লোকজন গোসল করতে এসে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। মিষ্টির বাবা-মা ঢাকায় থাকেন। এই কারণে মিষ্টি তার নানার বাড়িতে থাকত।