সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে তিন জন দগ্ধ

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:২৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের চুলা থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে পাইনাদী সিআইখোলার ছয়তলা বিশিষ্ট ইতালি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— কবির হোসেন (৬৫) তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, পাইনাদী সিআইখোলা এলাকায় ঐ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে কবির হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার ভোরে চুলা জ্বালানোর জন্য ম্যাচের কাঠি জ্বালালে ওই বাসায় জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে রান্নাঘরসহ তিন ঘরে আগুন ধরে যায়। আসবাবপত্র পুড়ে যায়। দরজাগুলো ও থাই গ্লাস ভেঙে যায়। বিকট শব্দ শুনে প্রতিবেশী ও স্থানীয় লোকজন এসে আগুন নেভায়। পরে দগ্ধ অবস্থায় গৃহকর্তা কবির হোসেন, তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে সুফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার গোড়ায় পাইপে লিকেজ ছিল বা চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে ছিল। এতে রাতভর দরজা-জানালা বন্ধ থাকায় বাসার ভেতরে গ্যাস জমে যায়। ভোরে কেউ চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আবদুল খান জানান, দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ শতাংশ, স্ত্রী রেখা বেগমের ২০ শতাংশ ও মেয়ে সুফিয়ার ৫ শতাংশ পুড়ে গেছে। গৃহকর্তা কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।