ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাট বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৯ জনের মধ্যে মা ও মেয়ে মারা গেছে। এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বাকি ৭ জন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন, মা হরি দাসী (৫৫) ও তার মেয়ে সুমিত্রা দাস (২৭)। নিহতরা চাঁদপুর মতলব এলাকার মৃত কিশোর দাসের স্ত্রী ও মেয়ে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হরিদাস ভোরে এবং সুমিত্রা দাস সকাল ১০টায় মারা যান। অন্যরা চিকিৎসাধীন।
গত বুধবার ভোর সাড়ে ৬টায় ফতুল্লার কোতায়ালের বাগ এলাকার ফেরদৌসী মঞ্জিল নামে ৪ তলা ভবনের ৩ তলার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৯জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
দগ্ধ অন্যরা হলো, শিব নাথ দাস (৩৫), তার স্ত্রী অর্চনা রাণী দাস (২৮), ছেলে অর্পিত দাস (১০), মেয়ে অনামিকা দাস (১৫), বোন জামাতা নারায়ণ চন্দ্র দাস (৪০), আত্মীয় প্রমিত (১৪), শাওন (১০)। আহতদের মধ্যে শাওনের শরীরের ৪৫ ভাগ, অর্পিতের ৪৫ ভাগ, অনামিকার ৪০ ভাগ পুড়ে গেছে। এছাড়া অন্যদের শরীরের ১৫ থেকে সর্বোচ্চ ২০ ভাগ পুড়ে গেছে।
আরও পড়ুনঃ বন্দরে ড্রামের ভেতর থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, 'ধারণা করা যাচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দরোজা জানালা বন্ধ করে সকলে ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পরে। এতে সবাই দগ্ধ হন।'
ইত্তেফাক/নূহু
