‘ইরান যুদ্ধ চায় না তবে ভয়ও পায় না’

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:৪৪

ইরানের শীর্ষ কমান্ডার বলেছেন, তেহরান যুদ্ধ চায় না আবার যুদ্ধকে ভয়ও পায় না। ইরাকে মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি গতকাল এই মন্তব্য করেন। খবর রয়টার্সের

বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরাকে মার্কিন দূতাবাস চত্বরে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে ইরান। এর পরিণাম ভোগ করতে হবে। এর পরই বিক্ষোভকারীরা দূতাবাস চত্বর ছেড়ে চলে যায়। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেন, ‘আমরা আমাদের দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছি না, তবে আমরা কোনো যুদ্ধকে ভয়ও পাই না।’ তিনি আমেরিকাকে ইরান সম্পর্কে যথাযথ মন্তব্য করার আহ্বান জানিয়ে বলেন, তাদেরকে ভেঙে দেওয়ার রেকর্ড অনেকবার আছে। তাই এ নিয়ে আমাদের উদ্বেগ নেই। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম বলেন, যে কোনো শত্রুর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইরান।