নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৪৮ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। নতুন পুলিশ সুপার জায়েদুল আলম যোগদানের এক সপ্তাহের মাথায় একযোগে ৪৮ জন পুলিশ সদস্যকে রদবদল করা হলো। এর ফলে তদবির করে পছন্দমতো থানায় আসা কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত বুধবার জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জায়েদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোনারগাঁওয়ে ১৪, রূপগঞ্জে ১৪, ফতুল্লায় সাত, সিদ্ধিরগঞ্জে এক, সদরে দুই, বন্দরে তিন এবং আড়াইহাজারে সাত জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ‘দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় কিছু কিছু থানায় অতিরিক্ত অফিসার রয়েছেন, কিন্তু সে তুলনায় ডিবি, ডিএসবিতে লোকের সংকট। তাই থানা থেকে লোক সরিয়ে এনে যেখানে সংকট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হয়েছে। যাদের বদলি করা হয়েছে, তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই বদলি চলমান প্রক্রিয়া।
সূত্র জানায়, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা, আবুল কালাম আজাদ, তাহিদুল্লাহ, রাজু মণ্ডল, হাবিব ও আপন কুমার মজুমদার এবং সহকারী উপপরিদর্শক নারায়ণ ভৌমিক, নাজমুল হুদা, হাওলাদার ওমর, শাহীন উল্লাহ ও মিজানুর রহমানকে বদলি করা হয়। রূপগঞ্জ থানার ছয় জন উপপরিদর্শক এবং সাত জন সহকারী উপপরিদর্শক বদলি করা হয়েছে।
