আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ৪ জানুয়ারি। ঐ দিন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের। ইতিমধ্যে অধিকাংশকে আমন্ত্রণ দেওয়া হয়ে গেছে। তবে পুনর্মিলনিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি পাওয়া রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে দাওয়াত দেওয়া হয়নি। জানা গেছে, হাইকমান্ড থেকে শোভন ও রাব্বানীকে আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
উল্লেখ্য, গেল বছরের ১৪ সেপ্টেম্বর নানা অভিযোগে শোভন ও রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় লেখক ভট্টাচার্যকে।
