সুপার ওভারে কুমিল্লার জয়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০০:২৭

সেরা চারে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচটা জিততেই হতো কুমিল্লা ওয়ারিয়র্সকে। সেই জয়টা তারা পেল। তবে তার আগে হলো অনেক নাটকীয়তা। দুই দলের স্কোর সমান হওয়ার পর সুপার ওভারে রান তাড়া করে জিতল কুমিল্লা।

সুপার ওভারে মুজিব-উর রহমানের ওভার থেকে ৭ রান নিতে পেরেছিল সিলেট থান্ডার্স। জবাবে নাভিন-উল-হকের প্রথম ৫ বল থেকেই ৮ রান তুলে নেন ডেভিড ওয়াইজ। এর আগে মূল ম্যাচে দুই দলই ১৪০ করে রান করে। আগে ব্যাট করা কুমিল্লার ওপেনার উপুল থারাঙ্গা ৪৫ রান করেছিলেন। এ ছাড়া কেউ ২০ রান পার করতে পারেননি। এবাদত ও রাদারফোর্ড ৩টি করে উইকেট নেন।  জবাবে সিলেট শুরুতে টানা উইকেট হারাতে থাকে। শেষ দিকে এসে সোহাগ গাজী ৩১ বলে ৫২ রান করেন। মুজিব ৩০ রানে ৪ উইকেট তুলে নেন।