ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০০:২৮

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাকিব হাসান নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণী বাদি হয়ে রাকিবের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। আজ রাকিবকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। ২০১৭ সালে পুলিশের এসআই পদে যোগদান করেন তিনি। ট্রেনিং শেষ করে মিরপুর থানায় কর্মজীবন শুরু করেন। বর্তমানে ওই থানায় কর্মরত তিনি।

পুলিশ জানিয়েছে, ঐ তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ করছেন। তার বাসা শেরেবাংলা নগর থানার তালতলায়। প্রায় ছয় বছর ধরে তরুণীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক। শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায় তাদের। দীর্ঘদিন ধরে  তরুণী বিয়ের জন্য চাপ দেন রাকিবকে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপন করে আসছেন রাকিব। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়াও হয়েছে একাধিকবার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাকিব তরুণীর বাসায় আসেন। শারীরিক সম্পর্ক হয় তাদের মধ্যে। এরপর তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি এবং তা হাতাহাতিতে রূপ নেয়।  একপর্যায়ে তরুণী ৯৯৯ এ ফোন করে রাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তরুণীর বাসা থেকে রাকিবকে আটক করে থানায় নেয়া হয়। সঙ্গে তরুণীকেও আনা হয়। রাতে তরুণী রাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।