ভারতে ইউরো নিয়ে ডলার নিয়ে ফেরাই ছিল তাদের পেশা  

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৬:৫৬

ভারত থেকে নিয়ে আসা ৮০ হাজার আমেরিকান ডলারসহ দুই যুবককে গ্রেফতার করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে নাটোর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

 

গ্রেফতারকৃত দুই যুবক হলেন- ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মঈন উদ্দিন (২৭) এবং একই গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে রাসেল মিয়া (২৫)।

 

বৃহস্পতিবার রাতে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩১ ডিসেম্বর ভারত গমন করে ওই দুজন বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে ঢাকা যাওয়ার পথে বিকেল সাড়ে চারটার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই  দুজনের সেন্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০০ ডলারের আট হাজারটি নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮০ হাজার ডলারের আর্থিক মূল্যমান বাংলাদেশী মুদ্রায় ৬৭ লাখ টাকা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আর্থিক মূল্যমান বেশি হওয়ায় বাংলাদেশ থেকে ইউরো নিয়ে ভারতে এবং ভারত থেকে ডলার নিয়ে বাংলাদেশে টাকায় রুপান্তর করতো। তাদের পাসপোর্টে একাধিকবার ভারত গমনের ভিসা এবং বন্দর অতিক্রমের সিল রয়েছে বলে পুলিশ সুপার জানান।

 

নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মানি লন্ডারিং আইনে বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি