ভাগ্য খুলছে কৃতির

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২০:৪৯

 বিনোদন ডেস্ক

 

‘রাবতা’, ‘দিলওয়ালে’, ‘বারেলি কি বরফি’, ‘লুকা ছুপ্পি’ সিনেমাগুলোতে অভিনয় করে বলিউডে জায়গা করে নিয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী কৃতি শ্যানন। এছাড়া নারী প্রধান চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। ‘মিমি’ নামের চলচ্চিত্রতে কৃতি একজন সত্ মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আর এটাই ছিল তার জীবনের প্রথম কোনো নারী প্রধান ছবিতে অভিনয়। তবে আবারো হয়তো তিনি নারী প্রধান চলচ্চিত্রের মূল চরিত্র করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, তনুজ গার্গ ও অতুল কাসবেকার জার্মান থ্রিলার রান লোলা রান রিমেক করার স্বত্ব কিনেছেন। রান লোলা রান ছবির গল্প আবর্তিত হয়েছে লোলা নামের এক তরুণীকে কেন্দ্র করে। প্রেমিককে বাঁচাতে মাত্র ২০ মিনিটে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হয় তার। ছবিতে একটি পরিস্থিতিকেই তিনটি দিক থেকে দেখানো হয়। শুরুতে ধারণা করা হয়েছিল, লোলার হিন্দি সংস্করণে দেখা যাবে সোনম কাপুরকে। কিন্তু ছবির শুটিং পিছিয়ে যাওয়ায় প্রযোজকরা লোলার চরিত্রটি নিয়ে নতুন করে ভাবছেন।

শোনা যাচ্ছে, কৃতি শ্যাননই তনুজ গার্গ ও অতুল কাসবেকারের প্রথম পছন্দ। এরইমধ্যে কৃতির সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনাও হয়েছে। জানা গেছে, কৃতি নাকি রাজিও হয়েছেন। সাংবাদিকরা বিষয়টি নিয়ে কৃতিকে নানা প্রশ্ন করছেন। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমার সঙ্গে শুধু কথা হয়েছে। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। এটি যদি নিশ্চিত হয় আমার জন্য অন্যরকম এবং চ্যালেঞ্জিং কিছু হবে। আমি অন্যরকম কিছু করতে চাই এবং ঝুঁকি নিতে চাই।’

কৃতি ছাড়াও এই সিনেমার জন্য তাপসী আছেন দুই প্রযোজকের পছন্দের তালিকায়। তনুজ মনে করেন, যেহেতু ছবিটি নারী চরিত্র প্রধান, তাই কৃতি শ্যানন ও তাপসী এক্ষেত্রে ভালো করতে পারবেন। এখন দেখার বিষয় কৃতি নাকি তাপসীর ভাগ্য খোলে! তবে জোর আলোচনা চলছে কৃতির ভাগ্যই খোলার সম্ভাবনা বেশি!