পাথরঘাটায় জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে দেওয়া হচ্ছে টিকা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:১৮

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় কুকুর ধরে টিকাদান কার্যক্রম চলছে। বৃহস্পতিবার থেকে উপজেলার সাত ইউনিয়ন ও পৌর শহরে এ টিকাদান অভিযান শুরু হয়। এ অভিযান চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।

জলাতঙ্ক রোগ প্রধানত কুকুরে কামড় বা আঁচড়ে ছড়ায়। এই রোগ নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়েছে। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলায় আটটি দল বিভিন্ন এলাকায় কুকুর ধরে জলাতঙ্ক প্রতিরোধে টিকা দিচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরবিন্দু দাস বলেন, জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে পাথরঘাটায় কুকুর ধরে টিকা দেয়া হচ্ছে। গত ২ জানুয়ারি থেকে এ অভিযান শুরু হয়েছে, চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। দুদিনে এখন পর্যন্ত ৭০০ কুকুরকে এ টিকাদান কর্মসূচির আওয়াতায় আনা হয়েছে। ২০২২ সালের মধ্য এ রকম তিন ধাপে অভিযান চলেবে বলে জানান তিনি।