মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে চার ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২০

ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষয়ক্ষতির

পরিমাণ ৩০ লাখ টাকা

 মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই পৌরসদরের কোর্টরোডে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—মো. মামুন উর রশিদ, মো. মহিউদ্দিন, মো. ফরহাদ হোসেন, নোবেল ও আবু রাশেদ মো. মিনহাজ উদ্দিন। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো—শরিফ হোটেল, আল্লার দান লাইব্রেরি, আল নূর লাইব্রেরি ও কোহিনুর কম্পিউটার।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ইত্তেফাককে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মিরসরাই পৌরসভা থেকে নির্দিষ্ট ফরম পূরণ করে পিআইও অফিসে জমা দিলে ফরমটি আমরা জেলা অফিসে পাঠাব। এই ব্যাপারে মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভির আহমেদ জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।