ফুলবাড়ীতে নষ্ট হচ্ছে ইরি বোরোর বীজতলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

টানা শীত এবং ঘন কুয়াশার কারণে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে চলতি ইরি-বোরো মৌসুমের বীজতলা। কাজে আসছে না বিভিন্ন প্রকার ওষুধ স্প্রে কিংবা কৃষি বিভাগের পরামর্শ। এরই মধ্যে আগে বোনা বীজতলা হলুদ হয়ে বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। পরে বোনা বীজতলায় চারাই গজায়নি। অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে সেগুলো। দিনরাত বীজতলা পরিচর্যা করে সুফল পাচ্ছেন না এ উপজেলার কৃষকরা। এমনই চিত্র দেখা গেছে উপজেলার ছয়টি ইউনিয়নের বীজতলার। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় কৃষকরা।

শিমুলবাড়ী ইউনিয়নের কৃষক গোলজার হোসেন, এরশাদুল হক ও মমিনুল ইসলাম জানান, প্রতিদিন সকালে বীজতলার কুয়াশ ছাড়িয়ে স্প্রে করেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। চারার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং হলুদ বর্ণ ধারণ করেছে। বীজতলা কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে সন্ধ্যায় বীজতলা পানি দিয়ে পূর্ণ করে তা সকালে বের করে দেওয়ার পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তর। এছাড়া কিছু ওষুধ স্প্রে করতেও পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, এবারে এ উপজেলায় ৪৮০ হেক্টর জমিতে ইরি-বোরো বীজতলা করা হয়েছে। কিছুদিন গেলে আরো বাড়বে। বীজতল যাতে কোল্ড ইনজুরিতে আক্রান্ত না হয় সেজন্য কৃষিবিভাগ প্রান্তিক কৃষকদের মাঝে পরামর্শ প্রদান করে আসছে। কিছু বীজতলা নষ্ট হয়েছে। এখন নতুন করে কোনো বীজতলা নষ্ট হবার আশঙ্কা নেই।