রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরেক নারীর মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২২

আশঙ্কাজনক আরো পাঁচ জন

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো এক নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার গৃহবধূ বেগম নেছার মৃত্যু হয়। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামে। এ নিয়ে রমেক হাসপাতালে চিকিত্সাধীন ছয় জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরো পাঁচ জন।

রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ জানান, বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিত্সাধীন অবস্থায় বেগম নেছা নামের আরো এক নারীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। এ নিয়ে দগ্ধ হয়ে ছয় জনের মৃত্যু হলো। এদের মধ্যে পাঁচ জন নারী ও এক শিশু। বেগম নেছার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল।

তিনি জানান, এ শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে এ পর্যন্ত ৪১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে এক শিশুসহ ছয় নারী মারা গেছেন। চিকিত্সা নিয়ে ফিরে গেছেন ১২ জন। উন্নত চিকিত্সার জন্য সাত জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ২৮ জন বার্ন ইউনিটে চিকিত্সাধীন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।