চারপাশের ময়লা আবর্জনায় দুর্ভোগে খেলোয়াড়রা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৩

মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অভ্যন্তরসহ আশপাশে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ খেলোয়াড়, পথচারীসহ এলাকাবাসী।

গতকাল শুক্রবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে, চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেছেন, সরকারি ভাবে অর্থ বরাদ্দ পেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্নসহ নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হবে।

খেলোয়াড়দের মধ্যে নাজমুল ইসলাম, রকি আহমেদ, স্বপন মিয়াসহ অনেকেই অভিযোগ করেছেন, চারপাশের ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে স্টেডিয়ামে সুষ্ঠু পরিবেশে খেলাধুলা করা যাচ্ছে না। ময়লা-আবর্জনা না ফেলার জন্য উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও কোনো কাজে আসছে না বলে তারা জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবদুল মালেক বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। খেলাধুলার সুষ্ঠু পরিবেশ এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।