টিউবওয়েলের পানি খেয়ে তিন জন অসুস্থ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৪

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

রংপুরের গঙ্গাচড়ায় টিউবওয়েলের পানি খেয়ে তিন জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিকেলে উক্ত গ্রামের মকছুদার (৬৫) বাড়ির টিউবওয়েলে পানি খেয়ে সেসহ তার স্ত্রী হাওয়া বেগম (৪৫) ও ছেলে মিষ্টু মিয়া (২৬) অসুস্থ হয়ে পড়ে। পরে রাত ১০টার দিকে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগে গত ২৪ ডিসেম্বর বড়বিল ইউনিয়নের বাগপুর চোত্তাপাড়া গ্রামেও একই ঘটনায় ৯ জন অসুস্থ হয়ে পড়েছিল।

গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে প্রচেষ্টা চলছে।