মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে চন্দনা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (মালিক) লিপি আক্তার খুন হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাগাট ঠাকুরপাড়া ও মুন্সিপাড়ার মাঝের আখখেতের পাশ থেকে মধুখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।
লিপি আক্তার বাগাট মুন্সিপাড়ার মির্জা শহিদুল ইসলামের স্ত্রী। তার মাথা এবং কপালে ক্ষত চিহ্ন ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃস্পতিবার রাত সাড়ে ৯টায় লিপি আক্তার বাগাট বাজার এনজিও কার্যালয়ের কাজ সেরে বের হয়ে আর বাড়ি ফেরেননি। স্বামী মির্জা শহিদুল ইসলাম লিপির মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে দুটি মোবাইল নম্বরই বন্ধ পান। শুক্রবার সকালে পুলিশ আখখেত থেকে লিপি আক্তারের লাশ উদ্ধার করে। এদিকে লিপিকে বহনকারী ভ্যানচালক সৌকিব নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত চলছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।
