উখিয়ায় কবিরাজি চিকিত্সার নামে চলছে প্রতারণা!

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৬

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও সড়কের আশপাশে অবস্থান নিয়ে কবিরাজি চিকিত্সার নামে কিছু অসাধু ব্যক্তি সাধারণ রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।

কুতুপালং বাজারের ভেতরে ও প্রধান সড়কের আশপাশে দেখা গেছে লতাপাতা ও বোতলভর্তি তরল ওষুধ নিয়ে বসে আছেন বেশ কয়েকজন কবিরাজ। তত্মধ্যে মংডু সাহাব বাজার এলাকার কবিরাজ মিয়াজান (৫৫) একই এলাকার আরো এক কবিরাজ ফয়েজুল্লার সঙ্গে আলাপ হয়। কবিরাজি কোথা থেকে শেখা হয়েছে জানতে চাইলে তারা বলেন, তাদের কাছে কবিরাজি বই আছে। ঐ বই পড়ে বনজঙ্গল থেকে গাছগাছালি সংগ্রহ করে ওষুধ তৈরি করে থাকেন। চিকিত্সার নামে দোকান খুলে বসা মিয়ানমারের নাইছ্যাদং গ্রামের বাসিন্দা কবিরাজ আশরাফ মিয়া জানালেন, সে আজ ২০ বছর ধরে মিয়ানমারের বিভিন্ন জায়গায় বনজ লতা পাতার ওষুধ বিক্রি করে আসছে। 

এ ব্যাপারে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদের সঙ্গে আলাপ করা হলে তিনি বলেন, কবিরাজির না চলা এসব দোকানদারি মূলত ধোকাবাজি। তাদের ওষুধে কোনো কাজ হয় না। ঐ রোহিঙ্গা নেতা জানান, প্রধান সড়কে ছাড়াও ক্যাম্পের আনাচে-কানাচে শত শত কবিরাজ স্থানীয়দের সঙ্গে প্রতারণা করছে। কোন অফিসার গেলে তারা ব্যবসা গুটিয়ে পালিয়ে যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ক্যাম্পে কোনো ধরনের কবিরাজি ওষুধ বিক্রি করা যাবে না। তিনি বলেন, এমনকি রোহিঙ্গাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী কর্তৃক নির্মানাধীন কাঁটা তারের বেড়া নির্মাণ সম্পন্ন হলে রোহিঙ্গাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করা হবে।