সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:২৮

ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শোভাযাত্রা

ময়মনসিংহ প্রতিনিধি আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০ পালিত হয়েছে। শুক্রবার শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ময়মনসিংহ শাখার সভাপতি পরিবেশ বিজ্ঞানী ড. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকতাদির চক্ষু হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চক্ষুশিবির উদ্বোধন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুরে শুক্রবার ড. মুকতাদির চক্ষু হাসপাতালের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৪৩তম বিনামূল্যে চক্ষুশিবির উদ্বোধন করা হয়েছে। চক্ষুশিবির উদ্বোধন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এ কে এম এ মুকতাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ হাবিব, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. আব্দুস সামাদ প্রমুখ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার প্রমুখ।

নাটোর শহর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন

নাটোর প্রতিনিধি নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আলমামুনকে আহ্বায়ক এবং জিল্লুর রহমান বাবুল চৌধুরীকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট নাটোর শহর বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। শুক্রবার জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ এবং যুগ্ম আহ্বায়ক কাজী শাহআলম স্বাক্ষরিত সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নাটোর শহর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ৬৪তম বার্ষিক সাধারণ সভা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। বিরাসার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি বোর্ডের চেয়ারম্যান ও জ্বালানি খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মমিন। সাধারণ সভায় জানানো হয়, ২০১৮-২০১৯ অর্থবছরে বিজিএফসিএল এর ৪৪টি কূপ থেকে দৈনিক গড়ে ৭৮৭ মিলিয়ন ঘনফুট হারে মোট ২৮৭,৬৯৬.৬০৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। পাশাপাশি কোম্পানি নিজস্ব কূপ থেকে ১৮৬,৫৭৬ ব্যারেল কনডেনসেট উত্পাদিত হয়।

মাগুরায় শেষ হলো বাউল উত্সব  

মাগুরা প্রতিনিধি মাগুরায় দুই দিনব্যাপী বাউল উত্সব শুক্রবার শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ উত্সব শুরু হয়েছিল। উত্সবে মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। বিশিষ্ট লালন গবেষক ফকির মনোরঞ্জন সাঁইজির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার ছেলে অধ্যক্ষ তপন কুমার বসু শহরের দোয়ারপাড় কোকিল কুঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে আজ শনিবার। এদিন জমি অধিগ্রহণের ৩০০ কোটি টাকার চেক বিতরণও করা হবে নেত্রকোনা পাবলিক হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি থাকবেন, মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। সভাপতিত্ব করবেন নেত্রকোনা শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ্ খান।

বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে রাতে লার্নিং পয়েন্ট হলরুমে বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দিলসাদ আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন লার্নিং পয়েন্ট প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজি প্রভাষক মো. মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের সহসভাপতি তারেক আহমদ, সুয়েব আক্তার, সাধারণ সম্পাদক সুমন আহমদ, সহসাধারণ সম্পাদক জায়েদ আহমদ প্রমুখ।

আত্রাইয়ে পুস্তক ব্যবসায়ীদের বার্ষিক সভা

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, আত্রাই উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার স্থানীয় নাহার গার্ডেনের প্রিন্স ফাস্টফুড হলে বার্ষিক আলোচনা সভা হয়। সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুস্তক ব্যবসায়ী আবু হেনা মুস্তফা কামাল, রুহুল আমিন সুইট, সোলায়মান আলী প্রমুখ।

কৃষকের ভুট্টা খেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর ধামইরহাটে এক কৃষকের ভুট্টা খেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের পশ্চিম রূপনারায়ণপুর গ্রামের ধীরেন বর্মণের ভুট্টা খেতে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ধীরেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, ঐ কৃষকের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হয়েছে। আসামিদেরকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

০