সিডনি টেস্ট
স্পোর্টস ডেস্ক
গেল বছরটা যেখানে শেষ করেছিলেন, নতুন বছরটা যেন সেখান থেকেই শুরু করলেন মার্নাস লাবুশেন। ক্যালেন্ডার পালটে গেলেও একটুও পালটাল না লাবুশেনের ব্যাট। তিনি যথারীতি সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে চলেছেন।
এবার সেঞ্চুরি করলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আর তার ১৩০ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে যথারীতি চালকের আসনে আছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৯০ ওভারে তিন উইকেটে ২৮৩ রান করেছে অস্ট্রেলিয়া। এছাড়া সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৬৩ রান।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় টিম পেইনের দল।
যদিও শুরুটা মোটেও মনমতো হয়নি তাদের। দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।। ওপেনার জো বার্নসকে ১৮ রানে থামিয়ে দেন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কলিন ডি গ্র্যান্ডহোম। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন লাবুশেন। দলের স্কোর সামনের দিকে টেনে নিয়ে যান তারা। দলীয় স্কোর একশতে পৌঁছানোর আগেই বিচ্ছিন্ন হন ওয়ার্নার ও লাবুশেন। দারুণ ফর্মে থাকা পেসার নিল ওয়াগনারের শিকার হয়ে ৪৫ রানে আউট হন ওয়ার্নার।
দলীয় ৯৫ রানে ওয়ার্নার ফিরলে ক্রিজে লাবুশেনের সঙ্গী হন স্মিথ। দুজনে অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় সেশন শেষ করেন। দুই উইকেটে ১৮২ রান নিয়ে চা-বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বিরতি থেকে ফিরে ইনিংসের ৭২তম ওভারে বাউন্ডারির সহায়তায় ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন লাবুশেন।
সেঞ্চুরির স্বাদ নিয়েও, দলের ও নিজের ইনিংসটি বড়ো করছিলেন লাবুশেন। তার সঙ্গে তাল মিলিয়ে রানের চাকা সচল রাখেন স্মিথ। কিন্তু ব্যক্তিগত ৬৩ রানে থেমে যেতে হয় স্মিথকে। গ্র্যান্ডহোমের দ্বিতীয় শিকার হবার আগে ২৯তম হাফ সেঞ্চুরি করার পথে ইনিংসে ইনিংসে ১৮২ বল মোকাবিলা করেন স্মিথ। তৃতীয় উইকেটে স্মিথ-লাবুশেন ১৫৬ রানের জুটি গড়েন। অস্ট্রেলিয়ার ইনিংসে এখন অবধি সবচেয়ে বড়ো জুটি।
স্মিথ ফিরে গেলে ম্যাথু ওয়েডকে নিয়ে দিনের বাকি সময়টুকুতে আর কোনো বিপদ হতে দেননি লাবুশেন। ফলে ভালো অবস্থায় থেকে প্রথম দিন শেষ করতে পারে অস্ট্রেলিয়া। ১২টি চার ও এক ছক্কায় ২১০ বলে অপরাজিত ১৩০ রান করেন লাবুশেন। ওয়েড অপরাজিত আছেন ২২ রানে। নিউজিল্যান্ডের হয়ে দুই পেসার গ্র্যান্ডহোম দুটি ও ওয়াগনার একটি উইকেট নেন।
