ডার্বির হয়ে রুনির প্রথম জয়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:৩২

যুক্তরাষ্ট্র ছেড়ে এই কিছু দিন হলো ইংল্যান্ডে ফিরেছেন ওয়েইন রুনি। এবার ডার্বি কাউন্টির হয়ে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। গত বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপ লিগে ডার্বির হয়ে অধিনায়কের বাহুবন্ধনী পরেই খেলতে নেমেছিলেন রুনি। বার্ন্সলির বিপক্ষে ম্যাচটার ৪৫ মিনিটে জ্যাক ম্যারিয়টের প্রথম গোলটায়ও ছিল তারই সহায়তা। এরপর ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় ডার্বি। এর মিনিট তিনেক পর বার্ন্সলি ব্যবধান কমালেও জয় তুলে নিতে সমস্যাই হয়নি কোচ ফিলিপ কোকুর দলের। জয়ের পর প্রতিক্রিয়ায় কোচ জানান, নেতৃত্ব দেওয়ার গুণ থাকার কারণেই অভিষেকেই অধিনায়কত্ব পেয়েছেন রুনি। তিনি বলেন, ‘তার যা আছে তা হলো—অভিজ্ঞতা আর নেতৃত্ব দেওয়ার গুণ। এ কারণেই অধিনায়কত্ব পেয়েছে সে। সবাই জানে সে কী করতে পারে। কিন্তু লিগে এবং আমাদের দলে মানিয়ে নিতে তাকে কিছুটা সময় দিতে হবে আমাদের।’