স্পোর্টস রিপোর্টার
ক্রিকেট খেলার একটা নিয়মিত দৃশ্য হলো—অনুশীলন শুরুর আগে ফুটবল খেলে গা গরম করে নেওয়া। কিন্তু এই করতে গিয়ে ইনজুরির সংখ্যাও নেহাত কম নয়।
সর্বশেষ এই গা গরমের ফুটবল খেলতে গিয়ে মারাত্মক গোড়ালির ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস। আর এই ঘটনার পরপর দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউড ও পরিচালক অ্যাশলে জাইলস সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট দল আর গা গরমের জন্য ফুটবল খেলবে না।
অনুশীলনের আগে ফুটবল খেলতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পান বার্নস। এরপর স্ক্যান করে জানা যায় যে, তার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি চারটি ম্যাচ তিনি আর খেলতে পারছেন না। বার্নসএরই মধ্যে দেশে ফিরে গেছেন। গতকাল কেপটাউনে তার বদলে ইংল্যান্ডের ইনিংস শুরু করেছেন জ্যাক ক্রলি।
ফুটবল খেলতে গিয়ে ইংলিশ ক্রিকেটারদের ইনজুরি এই প্রথম নয়। গত বছর শ্রীলঙ্কাতে সিরিজ খেলার সময় জনি বেয়ারস্টো চোট পেয়েছিলেন ফুটবল খেলতে গিয়ে। আর গত বছর খানেকের মধ্যেই জো ডেনলি ও জেমস অ্যান্ডারসন এই ধরনের চোটের শিকার হয়েছেন।
জাইলস কখনোই ক্রিকেট অনুশীলনে ফুটবল খেলার পক্ষের লোক নন। তিনি ওয়ারউইকশায়ারে যোগ দেওয়ার পর সেখানে অনুশীলনের ফুটবল খেলা বন্ধ করেছিলেন।
এরপর ইংল্যান্ড দলের পরিচালক হওয়ার পর থেকে এটার সমালোচনা করে আসছেন। ফুটবল বাদ দেওয়ার সুপারিশ করেছিলেন তিনি আগেই। কিন্তু দলের সিনিয়র খেলোয়াড়রা বলেছিলেন, এতে খেলোয়াড়দের সম্পর্ক বাড়ে। ফলে বিশ্বকাপের পর এই ব্যাপারটি পুনর্বিবেচনা করার কথা ছিল।
সেটা করা না হলেও এখন বন্ধ করা হলো—এই অনুশীলনের পদ্ধতি।
