বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারকে জয়ের জন্য ২০০ রানের টার্গেট দিল রংপুর রেঞ্জার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের ওপর চড়াও হয় রংপুরের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান।
ব্যাট করতে নেমে নাঈম শেখ ও শেন ওয়াটসনের তাণ্ডবে ৮.৩ ওভারে দলীয় ৭৭ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় রংপুরের। ৪২ রান করে মনির হোসেনের বলে আউট হন নাঈম শেখ। পরে ক্যামেরুন ডেলপোর্টকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি করেন ওয়াটসন। এবাদত হোসেনের ব্যাক টু ব্যাক আঘাতে মাঠ ছাড়েন ডেলপোর্ট ও ওয়াটসন। ডেলপোর্ট ২৫ ও ওয়াটসনের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬৮ রান। এর আগে টানা চার ম্যাচে ওয়াটসনের স্কোর ছিল ৫, ১, ৭ ও ২ রান। নিজের পঞ্চম ম্যাচে এসে ওয়াটসন তার জাত চেনালেন।
শেষ দিকে মোহাম্মদ নবীর ১৬ বলে ২৩ আর ফজলে মাহমুদের ৮ বলে ১৬ রানের ইনিংসের ওপর ভর করে ১৯৯ রানের স্কোর করে রংপুর রেঞ্জার্স। সিলেটের বোলারদের মধ্যে এবাদত হোসেন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে তুলে নেন ২টি উইকেট।
ইত্তেফাক/এসআই/ইউবি
