প্রথম ছুটির দিনে উত্সবের আমেজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২২:০৭

মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা

শীতের সকালে টিপটিপ বৃষ্টির আগমনে অনেকেই মেলায় যাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া স্বাভাবিক হলে শঙ্কা দূর হয়। গত বুধবার থেকে শুরু হওয়া ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সব স্টল ও প্যাভিলিয়ন পুরোপুরি প্রস্তুত না হলেও গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বেশ জমে ওঠে বাণিজ্য মেলা। মূল গেট দিয়ে ঢুকলেই সামনে ডিজিটাল তথ্য কেন্দ্র। যেখান থেকে ডিজিটাল ম্যাপ, ওয়ে ফাইন্ডিং (চলাচলের রাস্তা) ও ডিরেক্টরির (নির্দেশনা) সেবা দেওয়া হয়।

সকালের দিকে মেলায় কোনো ভিড় ছিল না। বেলা গড়াতে থাকে, বাড়তে থাকে ভিড়। নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিকালে লাইন দিয়ে টিকিট কাটছেন ক্রেতা ও দর্শনার্থীরা। স্টল ও প্যাভিলিয়নগুলোতে পছন্দের পণ্য ঘুরে ঘুরে দেখছেন তারা। খুঁজছেন কোন কোন পণ্যে ছাড় দেওয়া হয়েছে, পণ্যের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তারা। দোকানিরা ক্রেতাদের কাছে পণ্যের গুণাগুণ তুলে ধরতে ব্যস্ত। বিশেষ করে শীতের পোশাকের স্টলগুলোতে বেশ ভিড় ছিল ক্রেতাদের ।

এ ছাড়া গৃহস্থালি পণ্যের স্টল, ফুড কর্নার, প্যাকেটজাত খাদ্যপণ্যের স্টল, মেয়েদের পোশাকের দোকান, সাজসজ্জার দোকান এবং ইলেকট্রনিক সামগ্রীর স্টল বা প্যাভিলিয়নের প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ লক্ষ্য করা যায়। বিকাশ অ্যাপ, জিপি স্টার, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডে গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন মাত্রার ডিসকাউন্ট বা ছাড়।

যাত্রাবাড়ী থেকে বাচ্চাদের নিয়ে মেলায় ঘুরতে আসা ঝুমুর আক্তার বলেন, যানজটের কারণে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে। চাকরি করার কারণে ছুটির দিন বেছে নিলাম। বাচ্চাদের সময় দিতেই মূলত আজ আসা। ওরা নাগর দোলা ও মিনি ট্রেনে উঠেছে। বাচ্চারা শিশুপার্কে বেশ মজা করছে। তবে আজ বিভিন্ন পণ্য দেখলাম পরবর্তী কোনো ছুটিতে ফার্নিচার কেনার জন্য আসব একদিন।

বিভিন্ন স্টলের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্যাভিলিয়নে গ্রাহকরা আসছেন, তারা পণ্য দেখছেন, অনেকে কিছু কিনছেন। আবার অনেকে না কিনলেও পণ্যটি পছন্দ করে রেখে যাচ্ছেন। বিভিন্ন অফারের খোঁজখবর নিচ্ছেন। অনেক ক্রেতারা মেলার শেষ দিকে বড়ো অফারের অপেক্ষা করছেন। বাংলাদেশসহ ২১টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।