ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুটি মৌখিক অভিযোগ দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকালে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থক হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করব। তিনি বলেন, এসব করে সরকার আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে চাইছে। আমরা কোনোভাবেই নির্বাচনী মাঠ থেকে সরে যাব না। জনগণের অধিকার আদায়ের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব।
এ সময় রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন পর্যন্ত বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার না করার অনুরোধ জানান ইশরাক।
তিনি বলেন, ঢাকায় যারা বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী, তারা কেউ পালিয়ে যাওয়ার মতো নন। কিন্তু রাজনৈতিক মামলার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে।
ইশরাক হোসেনের দুই অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। আমরা নোট করেছি। তারা লিখিতভাবেও অভিযোগ দেবেন বলেছেন। আমরা নির্বাচনি বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।
